প্রকাশিত: Mon, Jan 16, 2023 10:20 AM
আপডেট: Sat, Sep 19, 2026 10:27 PM

পাঠ্যপুস্তক : একটি ক্ষতিকর স্পূনফীডিং!

মাসুদ রানা

শিক্ষাবৌর্ডের পাঠ্যপুস্তক প্রকাশ করার ধারণাটাই ভুল। এটি একটি ক্ষতিকর স্পূন-ফীডিং, যা শিক্ষকের সৃষ্টিশীলতা ধ্বংস করে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সৌর্স থেকে তথ্য ও জ্ঞান লাভ করার ক্ষমতাকে সীমিত করে দেয়। একটি জাতির শিশুদের কী কী শিখতে হবে, তা জাতীয় শিক্ষানীতির বিষয়, যার ভিত্তিতে তৈরি হবে ন্যাশনাল কারিকুলাম। এখানে ঠিক করতে হবে কোনো বয়সের শিশুদেকে কোন মাত্রায় কী কী সাবজেক্ট বাধ্যতামূলকভাবে এবং কী কী সাবজেক্ট ঐচ্ছিকভাবে শেখাতে হবে। 

তারপর আসে বিদ্যালয়। বিদ্যালয়ের কাজ হচ্ছে বাধ্যতামূলকভাবে ন্যাশনাল কারিকুলাম এবং অন্যান্য ঐচ্ছিক সাবজেক্ট ডেলিভার করা, যাতে শিক্ষার্থীরা তাদের বয়স অনুযায়ী সমন্বিত জ্ঞান অর্জন করে বিকশিত হতে থাকে। আর, এই জ্ঞানদান প্রক্রিয়ায় শিক্ষকেরা শিক্ষার্থীদেরকে একটি বিষয়ে শুধু একটি মাত্র বই অনুসরণ করতে বলবেন না, তাঁরা তাদেরকে উৎসাহিত করবেন না উৎস ও বই, জার্নাল, ইণ্টারনেট, ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জন করতে।

সবশেষে আসে শিক্ষা বৌর্ড, যার নাম হওয়া উচিত পরীক্ষা বৌর্ড। এর কাজ হচ্ছে বিভিন্ন কৌর্স ও কুয়ালিফিকেইশনের স্পেসিফিকেইশন তৈরি করা; এ্যাসেসমেণ্ট অবজেক্টিভ নির্ধারণ করা; গ্রেইড রেইঞ্জ ও গ্রেইড ডেস্ক্রিপশন প্রস্তুত করা; পরীক্ষকদের প্রশিক্ষিত করে তাদের এ্যাসেসমেণ্ট মডারেইট করা; এবং পরীক্ষা পরিচালনা ও এ্যাসেসমেণ্ট করে ফল প্রকাশ করা। ১৬/০১/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড